আবগারি শুল্ক:
দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যসামগ্রীর উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বা কর বলে।
আবগারি শুল্ক সাধারণতঃ দ্রব্যপ্রতি বা দ্রব্যের একক প্রতি নির্ধারণ করা হয়ে থাকে।
পরিভাষায় একে সুনির্দিষ্ট শুল্ক (Specific tax) বলা হয়।
আবগারি শুল্ক একটি পরোক্ষ কর।
আমদানি-রপ্তানি শুল্ক:
আমদানি ও রপ্তানি দ্রব্যের মূল্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আমদানি ও রপ্তানি শুল্ক বা কর বলা হয়।
আমদানি ও রপ্তানি শুল্ক এক ধরনের পরোক্ষ কর।
কারণ আমদানি-রপ্তানিকারক দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে তা পাইকারী ও খুচরা
বিক্রেতা অথবা ক্রেতাদের নিকট থেকে আদায় করে নিতে পারে।
বিক্রয় কর: দ্রব্যসামগ্রীর বিক্রয়মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাকে বিক্রয় কর বলে। বিক্রয় করের কর-ভার ও কর আপতন প্রাথমিকভাবে বিক্রেতার উপর পড়ে। এই অর্থে, বিক্রয় কর এক ধরনের প্রত্যক্ষ কর।
কিন্তু বিক্রয় করের অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি অর্থাৎ বিক্রেতা আরোপিত কর আংশিক বা সম্পূর্ণভাবে ক্রেতার উপর চালনা করে দিতে পারে। সুতরাং বিক্রয় কর মূলতঃ এক ধরনের পরোক্ষ কর ।
মূল্য-সংযোজন কর (ভ্যাট):
উৎপাদনের বিভিন্ন স্তরে দ্রব্যসামগ্রীর বিক্রয়মূল্য ও আলোচ্য দ্রব্যসামগ্রী উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন প্রকার উৎপাদিত দ্রব্যসামগ্রীর ক্রয়মূল্যের বিয়োগফলকে মূল্যসংযোজন বলা হয়।
ধরুন, আপনি একটি পাউরুটি উৎপাদন করে ১০ টাকায় বিক্রয় করলেন। পাউরুটিটি উৎপাদনে, আপনি ময়দা, চিনি ও ডিম বাবদ মোট ব্যয় করেছেন ৮ টাকা। এক্ষেত্রে পাউরুটি উৎপাদনে, মূল্য সংযোজিত হল = (১০-৮) টাকা = ২ টাকা।
এভাবে সংযোজিত মূল্যের উপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর (Value Added Tax - VAT) বলা হয়।
VAT এক ধরনের বিক্রয় কর।
উৎস: সমষ্টিক অর্থনীতি, বিবিএস প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।