বর্তমান কাল: যে ক্রিয়া দ্বারা বর্তমানের কোনো কাজ করা, অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে বর্তমান কাল বলে। বর্তমান কালের চারটি রূপ। যথা: ১. সাধারণ বর্তমান কাল। ২. ঘটমান বর্তমান কাল। ৩. পুরাঘটিত বর্তমান কাল। ৪. বর্তমান অনুজ্ঞা।
সাধারণ বর্তমান কাল: যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তার কালকে বর্তমান কাল বলে। যেমন: - তৃণা স্কুলে যায়। - বর্ণ বই পড়ে।
ঘটমান বর্তমান কাল: যে ক্রিয়ার কাল শেষ হয়নি, এখন চলছে এরূপ অর্থ বোঝালে ঘটমান বর্তমান হয়। যেমন: - ছন্দা গান গাইছে। - রাফিন ও রিজন বল খেলছে।
পুরাঘটিত বর্তমান কাল: যে ক্রিয়ার কার্য কিছুক্ষণ পূর্বে ঘটেছে। কিন্তু এর ফর বা প্রভাব এখনও বর্তমান, এরূপ অর্থে পুরাঘটিত বর্তমান কাল হয়। যেমন: - বৃষ্টি আমাদের বড়োই উপকার করেছে। - ঝড় আমাদের ভীষণ ক্ষতি করেছে।
বর্তমান অনুজ্ঞা: বর্তমানে কোনো ক্রিয়া সম্পাদনের আদেশ, উপদেশ, আশীবার্দ, অভিশাপ, অনুরোধ, প্রার্থনা প্রভৃতি বোঝানোর জন্য বর্তমান অনুজ্ঞা ব্যবহৃত হয়। যেমন: - সদা সত্য বলো। - আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।