পোষাক' এর শুদ্ধ রূপ - পোশাক। 'পোশাক' ফারসি শব্দ। বিদেশি শব্দে ‘ষ’ হয় না।
ষত্ব বিধান: তৎসম শব্দের বানানে মূর্ধন্য ‘ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে।
ষ-ত্ব বিধানের নিয়মাবলী: ১। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন—ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি। ২। ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন—অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি। ৩। ‘ঋ’ ও ঋ-কারের পর ‘ষ’ হয়। যেমন—ঋষি, কৃষক। ৪। তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’ হয়। যেমন—বর্ষা, ঘর্ষণ। ৫। ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। যেমন—কষ্ট, কাষ্ঠ। ৬। কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন—ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ। ৭। বিদেশি শব্দে ‘ষ’ হয় না। যেমন—জিনিস, মাস্টার, পোস্ট, ইস্টার্ন, স্টুডিও ইত্যাদি। ৮। সাৎ প্রত্যয়যুক্ত পদে 'ষ' হয় না। যেমন— অগ্নিসাৎ, ধূলিসাৎ ইত্যাদি।