জর্জ আব্রাহাম গ্রিয়ারসন একজন ইউরোপীয় ভাষাতত্ত্ববিদ। ১৮৫১ সালের ৭ জানুয়ারি আয়ারল্যান্ডের ডাবলিনে তাঁর জন্ম। তাঁর পিতা ছিলেন বিশিষ্ট রাজকীয় মুদ্রণশিল্পী। ১৯০৩ সালে গ্রিয়ারসন সরকারি চাকরি থেকে অবসর নিয়ে ইংল্যান্ড যান এবং সংগৃহীত ভারতীয় ভাষা সম্পর্কিত তথ্য ও উপাদানের ভিত্তিতে গবেষণা শুরু করেন। এ গবেষণার ফলই তাঁর জীবনের অমর কীর্তি Linguistic Survey of India। ১৯০৩-২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ২০ খন্ডে ৮০০০ পৃষ্ঠায় এ মহাগ্রন্থ প্রকাশিত হয়। এটি ভারতের ভাষা-জাত-কুল সম্পর্কে যেমন বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করেছে, তেমনি ভারতের আধুনিক ভাষাতত্ত্বের সূতিকাগার হিসেবেও কাজ করেছে। তাঁর এ অসামান্য গবেষণার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে মর্যাদাপূর্ণ Order of Merit উপাধিতে ভূষিত করে। ডাবলিন, অক্সফোর্ড, পাটনা ও Halle (জার্মানি) বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ভারতের তৎকালীন ভাষাতত্ত্ব সমিতি বিশ্বের বিভিন্ন পন্ডিত কর্তৃক ভারতবিদ্যা বিষয়ে লিখিত প্রবন্ধসমূহের একটি সংকলনগ্রন্থ তাঁকে উৎসর্গ করে। তিনি ১৯০৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির সম্মানিত ফেলো মনোনীত হন। গ্রিয়ারসন রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাশ্মীরী ভাষা সংক্রান্ত অভিধান, ব্যাকরণ ও প্রবন্ধসংগ্রহ, যেগুলি ১৯১৬-৩২ খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত হয়। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে Journal of the Asiatic Society of Bengal, Indian Antiquary- সহ ইউরোপের বিখ্যাত পত্রিকাসমূহে ভারতীয় সাহিত্য, সংস্কৃতি, অশোক লিপি, রাজগৃহের বুদ্ধমূর্তি ও লিপিমালা বিষয়ে প্রচুর গবেষণা-প্রবন্ধ প্রকাশ করেন। উৎস: বাংলাপিডিয়া।