একাত্তরের অসহযোগ আন্দোলন: - ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে পাকিস্তানের সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর না করায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অস্থির অবস্থার সৃষ্টি হয়। - এ সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পূর্ব পাকিস্তানের নেতৃত্বের আসনে। - তিনি বুঝতে পেরেছিলেন পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠী স্বাভাবিক পথে ক্ষমতা হস্তান্তর করবে না, আন্দোলনের মাধ্যমে তা আদায় করে নিতে হবে। - তাই বঙ্গবন্ধু সাংবাদিক সম্মেলন করে ১৯৭১ সালের ২ ও ৩ মার্চ হরতাল এবং ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জনসভার কর্মসূচি ঘোষণা করেন। - যথাসময়ে হরতাল কর্মসূচি পালিত হয়। - ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ছাত্র সমাবেশের পর আ স ম আবদুর রবের নেতৃত্বে ডাকসু নেতৃবৃন্দ কলাভবনে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। - এই দিনে হরতাল চলাকালে মিছিলে পুলিশ গুলি চালালে পূর্ব বাংলার মানুষ বিক্ষুদ্ধ হয়ে উঠে। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকে। - ফলে বঙ্গবন্ধু ২ মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন। - ৩ মার্চ পল্টনের জনসভায় স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণাপত্র প্রচার করে। - ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।
উৎস: ইতিহাস প্রথমপত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।