- পরবর্তী প্রজন্মের পরমাণু শক্তিচালিত সাবমেরিন বিষয়ক পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছেন আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার নেতারা। - এ বিষয়ে তিন দেশের মধ্যকার চুক্তিকে ‘অকাস' চুক্তি বলা হচ্ছে এবং এর অধীনে আমেরিকা ও ব্রিটেনের কাছ থেকে পাঁচটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। তবে আমেরিকার কাছে থেকে প্রথমে অস্ট্রেলিয়া তিনটি সাবমেরিন কিনবে। - ব্রিটেনের রোলস-রয়সের উদ্ভাবিত পারমাণবিক চুল্লিসহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন এসব সাবমেরিন তৈরির জন্য একসঙ্গে কাজ করছে মিত্ররা। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ ত্রিপক্ষীয় নিরাপত্তা জোটের ঘোষণা (অকাস) এবং পূর্ববর্তী ফ্রান্স-অস্ট্রেলিয়া সাবমেরিন চুক্তি বাতিলের ফলে ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স। -দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ান এই চুক্তিটিকে ফ্রান্সের 'পিঠে ছুরিকাঘাত' বলে অভিহিত করেছেন। অন্যদিকে, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে ব্রিটেনকে যুদ্ধে টানা হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন। - যুক্তরাজ্যের পর গত পঞ্চাশ বছরের মধ্যে এই প্রথম নিজেদের সাবমেরিন প্রযুক্তি অন্য কোনো দেশকে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ প্রযুক্তি সাধারণ সাবমেরিনের চেয়ে অনেক বেশি দ্রুতগতির। এসব সাবমেরিন চিহ্নিত করাও কঠিন। এগুলো কয়েক মাস পানিতে ডুবে থাকতে পারে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। অস্ট্রেলিয়া বলছে, সাবমেরিনে পরমাণু অস্ত্র বহনের কোনো পরিকল্পনা তাদের নেই।