কর্ণসুবর্ণ বাংলার গৌড় রাজ্যের প্রথম স্বাধীন শাসক শশাঙ্ক-এর রাজধানী। চৈনিক তীর্থ যাত্রী হিউয়েন-সাং-এর ভ্রমণ বৃত্তান্ত জিউ জি-তে কি-লো-ন-সু-ফ-ল-ন হিসেবে এর উল্লেখ পাওয়া যায়। তীর্থ যাত্রীর বিবরণ অনুযায়ী তিনি তান-মো-লি-তি (তাম্রলিপ্তি) থেকে কি-লো-ন-সু-ফ-ল-ন (কর্ণসুবর্ণ) পৌঁছেন। এ রাজধানীর নিকটেই ছিল লো-তো-মি-ছি মঠটি। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রাপ্ত রাজবাড়িডাঙ্গার (পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার সদর সাবডিভিশনের চিরুটি রেলওয়ে স্টেশনের নিকবর্তী যদুপুর গ্রাম) মঠের সাথে লো-তো-মি-ছি (রক্তমৃত্তিকা)-র শনাক্তকরণের জোরালো ভিত্তির বলে এখন যথার্থভাবেই বলা যায় যে, খননকৃত প্রত্নস্থলের নিকটে ছিল কর্ণসুবর্ণ। স্থানীয়ভাবে এটি রাজা কর্ণ-এর প্রাসাদ নামে পরিচিত। উৎকীর্ণ লিপিসহ পোড়ামাটির ফলকের আবিষ্কার ও এতে রক্তমৃত্তিকা মহাবিহার নামের উল্লেখ এর শনাক্তকরণের সকল দ্বিধাদ্বন্দ্বকে দূর করে দিয়েছে। সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।